মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সড়ক সংস্কারে অনিয়ম, এলাকাবাসীর প্রতিবাদে কাজ বন্ধ

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর হাট এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী উন্নত মানের বিট বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে নামমাত্র বালুমিশ্রিত সাধারণ মাটি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে বৃষ্টির পানিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর হাট এলাকা থেকে ৩ হাজার ৮ মিটার থেকে ৬ হাজার ৩২০ মিটার পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ পায় রাজশাহীর বোয়ালিয়া ঘোড়ামারা সাহেব বাজার এলাকার ‘বরেন্দ্র কনষ্ট্রাকশন লিমিটেড’। ২ কোটি ৯৮ লক্ষ ৩১ হাজার ৬৮৬ টাকা প্রাক্কলিত মূল্যের এই কাজটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৮ লক্ষ ৪৮ হাজার ৫১৭ টাকা। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে কার্যাদেশ পাওয়া এই কাজটি শেষ হওয়ার কথা ৮ সেপ্টেম্বর ২০২৬ সালে। তবে কাজটির সময় বাকি থাকতেই শুরুতে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজ শুরু হলেও সেখানে বালুর পরিবর্তে নামমাত্র বালুমিশ্রিত মাটি ব্যবহার করা হচ্ছে। বর্ষা মৌসুমে এই মাটি ব্যবহারের ফলে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে এবং নিয়মিত গাড়ি আটকে গিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগ উঠেছে, মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি কিনে নিয়ে পরিচালনা করছেন বগুড়ার শিবগঞ্জ এলাকার শফিক নামের এক ব্যক্তি। কাজের মান নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও তিনি তা আমলে নেননি। এ বিষয়ে বক্তব্যের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মান্নান, রায়হান, সোবাহান ও আব্দুল বাকী বলেন, রাস্তায় বালু দেওয়ার কথা থাকলেও তারা মাটি দিচ্ছে। এই মাটির কারণে বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, গাড়ি কাদার মধ্যে আটকে যায়। আমরা চাই সঠিক নিয়মে কাজ হোক। নিম্নমানের কাজ করলে আমরা এলাকাবাসী কোনোভাবেই কাজ করতে দেব না।

এ বিষয়ে শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজের সঠিক মান বজায় রাখা আমাদের অগ্রাধিকার। সিডিউল অনুযায়ী কাজ না করলে এবং কাজের মান খারাপ হলে কোনোভাবেই তা গ্রহণ করা হবে না এবং কাজ করতে দেওয়া হবে না। বর্তমানে সড়কটির কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী দ্রুত সিডিউল মোতাবেক মানসম্মত বালু ব্যবহার করে রাস্তাটির কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।