সিরাজগঞ্জের সলঙ্গায় মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় লিটন নামে এক ডাকাতকে স্থানীয় জনতা আটক করেছে। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার রাতে সলঙ্গা থানার চর গোজা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সদস্য লিটন ওরফে মিঠুন (৩৮) সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ী চুরি করে নিয়ে যাবার সময় থানার চর গোজা গ্রামে চুরি রোধে গ্রামবাসীর স্থাপিত বাঁশ কলের কাছে পৌঁছালে মিশুক গাড়ীসহ তাকে আটক করা হয়।
এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও মিঠুনকে আটক করা হয়। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য মিঠুনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মিশুক গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্য মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুশল/সাএ