নারীদের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে প্রতিটি ট্রেনে আলাদা নারী কামরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তার বক্তব্য অনুযায়ী, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বিধান রয়েছে।
এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগার থাকার কথাও আইনে উল্লেখ আছে। অনুমতি ছাড়া এসব কামরায় প্রবেশ করলে ১১৯ ধারায় জরিমানা করার বিধান রয়েছে।
তবে এসব আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট করেন। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে, যার পরিপ্রেক্ষিতে সর্বশেষ এই নির্দেশনা আসে।
রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
তিনি বলেন, আইনে আলাদা কামরার বিধান থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ঈদে নারীদের ভোগান্তি লাঘবে এ আবেদন করা হয় এবং আদালত নির্দেশ দিয়েছেন।
কুশল/সাএ