ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছলেমান বিশ্বাস (৫৫) কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে। অভিযুক্ত আমির আলী বিশ্বাস (৪৫) তার ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমির আলী বিশ্বাস ধারালো দা দিয়ে বড় ভাই ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় ছলেমান বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বিডি২৪লাইভকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, অভিযুক্ত ব্যক্তিকে আটকে পুলিশ কাজ করছে।
কুশল/সাএ