সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন পে স্কেল কার্যকর হয়নি। তবে ২০২৬ সালে এসে নবম পে স্কেল বাস্তবায়নের আলোচনা আবারও জোরালো হয়েছে সরকারি মহলে।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও মহামারির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। সচিবালয়ের তথ্য অনুযায়ী, নবম পে স্কেল নিয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।
প্রস্তাবিত তালিকা অনুযায়ী, প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
এছাড়া চতুর্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা এবং ষষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
নিম্ন গ্রেডগুলোর মধ্যেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, ১০ম গ্রেডে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা
তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি এখনো একটি প্রস্তাবিত খসড়া তালিকা মাত্র। সরকারিভাবে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের পরই চূড়ান্ত বেতন কাঠামো কার্যকর হবে। তাই বর্তমান তালিকাকে এখনই চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই।