ঝিনাইদহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক নোমান হোসেনকে নিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিষয়ে বিতর্কের মুখে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এবার সাংবাদিকদের এড়িয়ে চলা এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দুপুর ১১টায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের এই আয়োজনে জেলার সিনিয়র সাংবাদিকসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত হলেও জেলা প্রশাসক নোমান হোসেন অংশ নেননি।
অভিযোগ উঠেছে, ব্রিফিং চলাকালীন সময়ে জেলা প্রশাসক শহরের ফুডসাফারি মিলনায়তনে একটি এনজিওর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে এবং সাংবাদিকদের অপমান করে এনজিওর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভালো কাজ করেননি।
সাংবাদিকরা বলছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত ব্রিফিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ জেলায় যোগদানের পর থেকে রহস্যজনক কারণে সাংবাদিকদের এড়িয়ে চলছেন। জেলার ভুক্তভোগী মহলের মতে, সদ্য যোগদান করেই এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি কর্মসূচিকে উপেক্ষা করে এনজিও অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা সমালোচনা।
এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ওই অনুষ্ঠানে জেলা প্রশাসককে থাকতে হবে এমন কোনো নির্দেশনা নেই। অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা থাকলেই হবে, সে কারণে আমি অংশগ্রহণ করিনি।