শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যামিলি কার্ডের টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটি ক্ষমতায়ন তৈরি করবে। শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য প্রদানকালে তথ্যমন্ত্রী আরও বলেছেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের আমার নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেব।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো সেদিন আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল ব্যঙ্গ-বিদ্রূপ করেছিল। তাদের ব্যঙ্গ-বিদ্রূপ সহ্য করেই জাতীয় নির্বাচনে আমাদের প্রতিশ্রুতিগুলো আপনাদের দিতে হয়েছিল। আমাদের অতীত প্রতিশ্রুতি ইতোমধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু করেছি।

বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানীর আওতায় আনতে তাঁদের কার্ড দেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমরা সেভাবে প্রক্রিয়া শুরু করেছি। আমাদের প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার যে চিত্র তার প্রতিফলন হচ্ছে এই কার্ড বণ্টন।

গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ প্রকল্পের আওতায় এসেছেন। তার মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ অন্যান্যরা।

শেষে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।