মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে তাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা দেশগুলোর মধ্যে তিউনিসিয়াই প্রথম।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে জিলহজের ১০ তারিখ, অর্থাৎ ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।
তুরস্ক বরাবরের মতো এবারও চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি বলছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।
আইএসির হিসাব অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।