পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা মোট ১৫৪টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন।
রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
বুলেটিনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আরও আট হাজার ৮৫৯ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন।
মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন সৌদি আরবে পৌঁছেছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং চারজন মদিনায় মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।