পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া এলাকায় নদী তীর রক্ষা কাজ উদ্বোধনকালে বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিদ্যুতের ঘাটতি পূরণে নদী তীরবর্তী খাস জমিতে সোলার প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের জমি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণে সোলার দিয়ে চাহিদা পূরণই একমাত্র ভরসা। প্রয়োজনে দেশের বাইরের কারিগরি সহযোগিতা নিয়ে সোলার প্রকল্প নেওয়া হবে।
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদীর পাড় এলাকা ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম নদী পাড়ে খাস জমি নির্ধারণ করতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে খাস জমির পরিমাণ মন্ত্রীকে জানাবেন বলে জানান।
উল্লেখ্য, করতোয়া নদীর বোদা উপজেলার মাড়েয়া এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে ৯০০ মিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে।
কুশল/সাএ