বরগুনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলা আয়োজিত হবে।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ভূমি মেলা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বরগুনা জেলার সকল নাগরিক, সাংবাদিক, সুধীসমাজ ও জনপ্রতিনিধিদের মেলায় অংশগ্রহণ করে ডিজিটাল ভূমিসেবার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো।
উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, জেলা প্রিন্ট মিডিয়ার, দৈনিক শেষকথার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি, ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।