সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএস কর্মকর্তা চিকিৎসক ডা. নাসির উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা। “সর্বস্তরের ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ” ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার, এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শরীফ মজুমদার, ইন্টার্ন প্রতিনিধি ডা. নাজমুল গাজী, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন।

সমাবেশে এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, যারা দিন-রাত মানুষের জীবন রক্ষায় কাজ করেন, তাদের ওপর হামলা কখনোই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।