বগুড়ার শেরপুর উপজেলায় বসতবাড়ির গেটের শিকল কেটে একটি ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী চালক দুদু মিয়া তিনজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বা গ্রামের মৃত ময়ন আলী মন্ডলের ছেলে মো. দুদু মিয়া পেশায় একজন ইজি বাইকচালক। প্রতিদিনের মতো ১৬ মে রাতে তিনি নিজ বাড়ির ভেতরে ইজি বাইকটি রেখে গেটে শিকল দিয়ে তালাবন্ধ করে ঘুমান। পরদিন ১৭ মে ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির গেটের শিকল কাটা এবং ভেতরে রাখা ইজি বাইকটি উধাও।
ভুক্তভোগী দুদু মিয়া জানান, চুরির পর খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ওই রাতে একই গ্রামের কাজল হোসেন, গাঁদু হোসেন ও জীবন নামে তিন যুবককে ইজি বাইকটি নিয়ে যেতে দেখেছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী। চুরি হওয়া ইজি বাইকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন এই চালক।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দীন বলেন, ইজি বাইক চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইজি বাইকটি উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
কুশল/সাএ