মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আন্তর্জাতিক বাজারে কমে গেল তেলের দাম

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে সম্ভাব্য হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে- মঙ্গলবার (১৯ মে) এশিয়ার শুরুর দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ২৬ ডলার বা ২ শতাংশ কমে দাঁড়ায় ১০৯ দশমিক ৮৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের জুন চুক্তির দাম ১ দশমিক ২২ ডলার কমে হয় ১০৭ দশমিক ৪৪ ডলার।

এর আগের সেশনে দুই ধরনের তেলের দামই কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। একই সঙ্গে তিনি জানান, আলোচনার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রেখেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ বক্তব্য তাৎক্ষণিক চাপ কিছুটা কমালেও বাজারে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ইরানের প্রতিক্রিয়ার ওপর এখন তেলের বাজারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে তেল পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্বে সরবরাহ হওয়া মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে ইরান জানিয়েছে, পাকিস্তরের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে, তবে অগ্রগতি ধীর।

অন্যদিকে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হলেও মার্কিন কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা আরও ৩০ দিনের জন্য শিথিল করেছে, যাতে জ্বালানিনির্ভর দেশগুলো সরবরাহ সংকটে না পড়ে।

মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির কৌশলগত তেল মজুত থেকে রেকর্ড ৯৯ লাখ ব্যারেল তেল সরানো হয়েছে। ফলে মজুত নেমে এসেছে প্রায় ৩৭ কোটি ৪০ লাখ ব্যারেলে, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।