গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দিঘী ও কুমোরপাড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০) ও যাত্রী রোস্তম আলী (৩০)। ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের পাতা মিয়ার ছেলে। রোস্তম আলী সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদার রহমানের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত অপর চারজনের মধ্যে এক নারীও রয়েছেন। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দারিয়াপুর বাজার থেকে পাঁচ-ছয় যাত্রী নিয়ে জেলা শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে দুই গাড়ি দুমড়ে-মুচড়ে গেলে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ফরিদ মিয়া ও যাত্রী রোস্তম আলী। আহত হন অপর চারজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’
কুশল/সাএ