মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাবিতে বিশেষ সেমিনার

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সে উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. এ. লতিফ মিলনায়তনে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরাসি দূতাবাস, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ এবং এক্সপার্টিজ ফ্রান্সের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) “ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক এই সেমিনার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মি. জাঁ-মার্ক সেরে শার্লে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি)-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী, ফরাসি দূতাবাসের কালচারাল এ্যাটাচি মি. ব্যাপটিস্ট লেব্রে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড মিসেস নাসিবা হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আরও সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করা দরকার। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির উপর তিনি গুরুত্বারোপ করেন।

ফরাসি রাষ্ট্রদূত মি. জাঁ-মার্ক সেরে শার্লে বলেন, ফ্রান্সের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনী শিক্ষণ পরিবেশ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ গ্রহণ করার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে জানানো হয়, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ এবং এক্সপার্টিজ ফ্রান্সের সহায়তায় আইসিওজি’র একজন শিক্ষার্থী ফ্রান্সের লা রোশেল বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ করেছেন। এছাড়া, ফরাসি দূতাবাসের সহায়তায় আরেকজন শিক্ষার্থী ফ্রান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তরুণ শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।

পরে, বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মি. জাঁ-মার্ক সেরে শার্লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) পরিদর্শন করেন। এর আগে, ফরাসি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের সম্ভাব্যতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ফরাসি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও সহযোগিতামূলক কর্মসূচি এবং ছাত্র ও শিক্ষক বিনিময় কর্মসূচি গ্রহণের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন। পরিবেশকে নিরাপদ রাখতে তাঁরা ঢাকার বায়ু দূষণ ও বায়ুর গুণমান নিয়ে অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।