যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে, এমন আশঙ্কা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৪২ দশমিক ৭ ডলারে।
এর আগে সোমবার স্বর্ণের দাম নেমে যায় ৪ হাজার ৪৭৯ দশমিক ৫৪ ডলারে, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন।
অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ দশমিক ৫ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এতে ডলারের শক্তি বাড়ে এবং স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে যায়।
এদিকে বাংলাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছে।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সমন্বিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।
এর আগে, শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
সূত্র: রয়টার্স।
সালাউদ্দিন/সাএ