ইউপিএস ফ্লাইট ২৯৭৬
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের বৃহত্তম শহর লুইসভিল থেকে উড্ডয়নের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি ইউপিএস কার্গো বিমান। দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বাম পাশের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের ভয়াবহ ভিডিও ফুটেজ ইতোমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ফেসবুকে ভাইরাল সেই ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের বামদিকের ইঞ্জিন ডানা থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে। একই সময় বিমানটি থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়।
ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে দমকল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।