বরগুনার আমতলীতে বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলেছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, তাঁর বিভিন্ন সভা-সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি এবং আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। কিন্তু একটি মহল বিএনপির জনপ্রিয়তা মেনে নিতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও জানান, এর আগেও তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়েছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে।
জালাল উদ্দিন ফকির বলেন, তিনি দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রায় নয় বছর আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পত্রিকায় বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জালাল উদ্দিন ফকির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান হিরু মৃধা, তোফাজ্জেল হোসাইন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির।
তিনি আরও বলেন, এই অপপ্রচার শুধু তাঁকে নয়, তাঁর পরিবারের সদস্যদের নিয়েও করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপও কামনা করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে উপজেলার সর্বস্তর থেকে নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ।
সালাউদ্দিন/সাএ
