ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। এটি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং মহান আল্লাহর প্রতি আনুগত্য, আত্মত্যাগ, তাকওয়া এবং মানবতার এক অনন্য শিক্ষা। প্রতি বছর জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত বিশ্বের কোটি কোটি মুসলমান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি আদায় করেন। কুরবানি মুসলিম জাতির জন্য এক গভীর তাৎপর্যপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে এবং নিজের ভেতরের লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করার শিক্ষা গ্রহণ করে।
কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন ও তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দা হজরত ইবরাহিম (আ.)-কে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। তিনি স্বপ্নে দেখেন যে, আল্লাহর নির্দেশে তাঁকে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু—প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কুরবানি করতে হবে। একজন পিতার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর হতে পারে না। কিন্তু আল্লাহর প্রতি সীমাহীন ভালোবাসা ও আনুগত্যের কারণে হজরত ইবরাহিম (আ.) সেই আদেশ পালনে প্রস্তুত হন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন—
“অতঃপর সে যখন পিতার সঙ্গে চলাফেরার উপযুক্ত হলো, তখন ইবরাহিম বলল, ‘হে আমার প্রিয় পুত্র! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবাই করছি। এখন তোমার মত কী?’ সে বলল, ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, তা-ই করুন। ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’” (সূরা আস-সাফফাত: ১০২)
এরপর যখন ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশ পালন করতে উদ্যত হলেন, তখন মহান আল্লাহ তাঁর আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করেন। কোরআনে এসেছে—
“আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে।” (সূরা আস-সাফফাত: ১০৭)
এই ঘটনার মধ্য দিয়ে মহান আল্লাহ মানবজাতিকে শিক্ষা দিয়েছেন যে, তাঁর সন্তুষ্টির জন্য মানুষকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা রাখতে হবে। মূলত সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই মুসলমানরা প্রতি বছর কুরবানি করেন।
কুরবানির প্রকৃত উদ্দেশ্য পশুর রক্ত বা গোশত নয়; বরং মানুষের অন্তরের তাকওয়া বা আল্লাহভীতি। মহান আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন—
“আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”( সূরা আল-হজ্জ: ৩৭)
এই আয়াত আমাদের শেখায় যে, কুরবানি একটি আত্মিক ইবাদত। এর মাধ্যমে মানুষ নিজের ভেতরের পশুত্ব, হিংসা, অহংকার ও স্বার্থপরতাকে দমন করার শিক্ষা লাভ করে। প্রকৃত কুরবানি তখনই সফল হয়, যখন তা মানুষের চরিত্র ও জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
হাদিসেও কুরবানির গুরুত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“আদম সন্তানেরা কুরবানির দিনের আমলের মধ্যে আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল করতে পারে না।”( সুনানে তিরমিজি)
অন্য এক হাদিসে তিনি বলেন—
“যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।”( সুনানে ইবনে মাজাহ)
এসব হাদিস থেকে বোঝা যায়, কুরবানি মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ ইবাদত।
কুরবানি সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে। ইসলাম কুরবানির গোশত আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বণ্টনের নির্দেশ দিয়েছে। এর ফলে সমাজের গরিব ও অসহায় মানুষও আনন্দে শরিক হওয়ার সুযোগ পায়। ধনী-গরিবের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সমাজে সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়। বর্তমান যুগে, যখন সমাজে বৈষম্য ও স্বার্থপরতা বৃদ্ধি পাচ্ছে, তখন কুরবানির শিক্ষা মানুষকে পরস্পরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।
কুরবানি মানুষকে আত্মসংযম ও ত্যাগের শিক্ষা দেয়। হজরত ইবরাহিম (আ.) যেমন আল্লাহর আদেশের সামনে নিজের আবেগ ও ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলেন, তেমনি একজন মুমিনেরও উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের খারাপ প্রবৃত্তি ও অন্যায় আকাঙ্ক্ষাকে দমন করা। কুরবানির প্রকৃত তাৎপর্য এখানেই নিহিত।
বর্তমান সময়ে কুরবানির সঙ্গে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ হিসেবে ঘোষণা করেছে। তাই কুরবানির পর পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা এবং পরিবেশ পরিষ্কার রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সচেতনতার সঙ্গে কুরবানি সম্পন্ন হলে সমাজ ও পরিবেশ উভয়ই নিরাপদ থাকে।
সবশেষে বলা যায়, কুরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি আত্মত্যাগ, তাকওয়া, মানবতা ও সামাজিক সাম্যের এক মহান শিক্ষা। কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করা এবং নিজের অন্তরের পশুত্বকে দমন করা। যদি আমরা কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারি, তবে একটি শান্তিপূর্ণ, মানবিক ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
লেখক: মোহাম্মদ মাহবুব হোসাইন
ফ্রান্স থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
mahbubhossain786@yahoo.com