পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই গ্রামের পথে রওনা হয়েছেন। গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে যাত্রাপথে কিছুটা দুর্ভোগ দেখা দিলেও তীব্র গরম থেকে মিলেছে স্বস্তি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বুধবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, ঈদের দিনে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার, ফেনীতে ৭৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার, ফরিদপুরে ৩৭ মিলিমিটার এবং চট্টগ্রামে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।