অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। বুধবার (২৭ মে) রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের আলোচিত মহিষটিকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। সেখানে একটি শেডে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের দেখভালের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। জননিরাপত্তা বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ফেরত এনে চিড়িয়াখানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে লালন-পালন করা হবে।
এর আগে সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির ক্রেতা সেটি নিতে এলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। দুপুর থেকেই শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে মহিষটিকে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়। পরে রাজকীয় পোশাক পরিয়ে রঙিন স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানো হয়।
এ সময় খামারের মালিকপক্ষ ও উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে মহিষটিকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা সামির ও তার স্বজনরা।
অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।