রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক শিশুর স্বজনের অভিযোগের ভিত্তিতে রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়।
বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।
তিনি জানান, হাসপাতালের চিকিৎসায় অবহেলার কারণেই ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই রমনা থানায় মামলা গ্রহণ করা হয়।
ডিসি জাহিদুল ইসলাম আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত শিশুদের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।