কুমিল্লায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, পৃথক তিনটি এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতা ও পর্যাপ্ত তদারকির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি আমাকে অবহিত করেছেন। ঘটনাগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কুশল/সাএ