অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান আবারও শিক্ষকতায় ফিরেছেন। দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন সাবেক এই উপদেষ্টা।
পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটি প্রবাদ আছে, ‘হাইল্যার ফোয়া হাইল্যা হয়, জাইল্লার ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার ১৫ বছরেরও বেশি শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করতেন। এর আগে প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শিক্ষকতা করেছেন।
নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “আমার নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”
ড. ফাওজুল কবির খান দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ ও সরকারের সাবেক সচিব। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, প্রশাসন ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।