ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ উদ্যোগের ফলে নতুন করে বেকারত্ব সৃষ্টি হবে না, বরং ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাকার যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের পাশাপাশি বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক অটোরিকশা সড়কে নেমেছে। তবে মানবিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় চালকদের পুনর্বাসন ছাড়া হঠাৎ করে এসব যানবাহন বন্ধ করা সম্ভব নয়।
তিনি বলেন, সরকার এমন একটি সমাধান খুঁজছে যাতে চালকদের জীবিকা বজায় থাকে এবং একই সঙ্গে মহানগর এলাকায় যানজটও কমে। সে লক্ষ্যেই ব্যাটারিচালিত রিকশাগুলোকে মহানগরের বাইরে পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে এআইভিত্তিক প্রযুক্তি প্রয়োগ শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে এ প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে।
তার মতে, স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার সুফল ইতোমধ্যে পাওয়া শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর যানবাহন ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
কুশল/সাএ