সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত সফরের জন্য তারা স্থানীয় সরকার বিভাগের অনুমোদন চেয়েছেন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।
সূত্র জানায়, রাজশাহী সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, Signify Bangladesh Limited-এর আমন্ত্রণে রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী ফ্রান্সে অবস্থিত সিগনিফাইয়ের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন এবং সড়কবাতির নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ জারির জন্য স্থানীয় সরকার বিভাগের অনুমোদন চাওয়া হয়েছে।
সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠানটি ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আমদানি করে। কোনো ক্রেতা প্রতিষ্ঠান উৎপাদন প্রক্রিয়া দেখতে আগ্রহী হলে তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। তবে রাজশাহী সিটি করপোরেশন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে সড়কবাতি কিনছে, সে বিষয়ে তার জানা নেই।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে লাইটের শহর বলা হয়। এখানে সড়কবাতির পেছনে উল্লেখযোগ্য ব্যয় হয়। যদি নতুন প্রযুক্তি সম্পর্কে জেনে এ খরচ কমানো সম্ভব হয়, তাহলে সেটি নগরবাসীর জন্যই লাভজনক হবে। এই সফরের জন্য সিটি করপোরেশন বা সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। তবে সফরে যেতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।”
নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট বলেন, “যে প্রতিষ্ঠান আমাদের আমন্ত্রণ জানিয়েছে তারা কখনো রাজশাহীর কোনো টেন্ডারে অংশ নেয়নি বা কোনো কাজ করেনি। ফ্রান্সের ওলাক সেন্টারে গিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী কোনো উপকরণ পাওয়া গেলে সেটিও আমাদের জন্য লাভজনক হতে পারে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।”