খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে জেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
মঙ্গলবার (২ জুন) বিকেলে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়াতে হবে। বিভাজন নয়, ঐক্যই পারে এই অঞ্চলকে এগিয়ে নিতে।” তিনি আরও বলেন, খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও অসাম্প্রদায়িক জেলায় পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি উন্নয়নের সুফল যেন সব সম্প্রদায়ের মানুষের কাছে সমানভাবে পৌঁছে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি পাহাড়ে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, মারমা সম্প্রদায়ের প্রতিনিধি ও লেখক মংপ্রু মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা এবং সহ-সভাপতি হাফেজ উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তব্যে জেলার উন্নয়নে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং মন্দির, মসজিদ ও বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পাহাড়ি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাগড়াছড়ি একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নয়নের রোল মডেল জেলায় পরিণত হবে।