বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান নির্বাচন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৭ জুন নির্ধারিত তফসিল অনুযায়ী বিসিবির নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী। বোর্ডের সাবেক ছয় কাউন্সিলর এ রিট আবেদন করেছিলেন।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর শুনানি শেষে এটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
রায়ের পর বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ পর্যন্ত বিসিবির বোর্ড-সংক্রান্ত চারটি রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, একের পর এক রিট করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুজন প্রতিনিধি দুবাই থেকে ঢাকায় এসে বিসিবির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাদের প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট গঠিত নির্বাচন কমিশন বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরে ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন।