বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ অভিযানে ভাঙা হচ্ছে বৈধ দোকানের অবৈধ অংশ

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট কমাতে কঠোর অ্যাকশনে নেমেছে প্রশাসন। সাধারণ মানুষের সহজে চলাচলের জন্য বুধবার (৩ জুন) থেকে শহরজুড়ে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বেলা ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় এই যৌথ অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান। কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।

জানা গেছে, যানজট কমাতে কিশোরগঞ্জে প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান এটি। প্রথম ধাপে ভাঙা হচ্ছে স্থায়ী দোকানের বাইরের অবৈধ বর্ধিত অংশ। উচ্ছেদের আগে দখলদারদের সতর্ক করতে ৬বার নোটিশ দেওয়া হয়েছিল। অভিযানে শহরের বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে গণমাধ্যমকর্মীদের কাছে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ শহরের ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এ লক্ষ্যে ছয়বার নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে দখলদারদের সতর্কও করা হয়েছে।

এসপি আরও বলেন, প্রথম ধাপে বড় বড় দোকানদারদের অবৈধ এক্সটেনশন (বর্ধিত অংশ) ভাঙা হচ্ছে। অর্থাৎ স্থায়ী দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখা অতিরিক্ত অংশ উচ্ছেদ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারেন। এর পরের ধাপে সড়ক দখল করে থাকা ভ্যানচালকদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

অভিযানের বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান বলেন, শহরে যানজট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেক সড়ক এখন চলার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নাগরিকরা যানজট দূর করা এবং রাস্তা বড় করার দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে।

তিনি আরও জানান, শেষ সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাতের অবৈধ স্থাপনা সরাতে বারবার নোটিশ দেওয়া হয়েছে। জেলা পুলিশও সতর্ক করেছে। এরপরও যারা নিজে থেকে দোকান সরাননি, আজ তাদের বিরুদ্ধে এই অভিযান। অভিযানে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। ফুটপাতে জায়গা না থাকায় বাধ্য হয়ে মানুষ মূল সড়ক দিয়ে হাঁটছিল, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

এদিকে প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ। তাদের মতে, ফুটপাত পুরোপুরি ফাঁকা থাকলে এবং নিয়মিত তদারকি করা হলে শহরের তীব্র যানজট অনেকটাই কমে আসবে।

অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের নেতৃত্বে তিনজন ম্যাজিস্ট্রেট উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়াসহ জেলা পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নকর্মীরা অভিযানে অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।