ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের সার্বিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের দায়িত্বপালনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। তিনি স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও মানবিক সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় তিনি ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সেবাদান কার্যক্রম নিয়েও খোঁজখবর নেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে পারলেই এ পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ধন্যবাদ জানান এবং আক্রান্ত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেন।