উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার প্রকাশ্যভাবে জানিয়েছেন, দেশটি নিজেদের পারমাণবিক সক্ষমতা ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির পথে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সতর্কবার্তার প্রেক্ষাপটে কিম জানিয়েছেন, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড কেসিএনএর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন বলেন, দেশটির পারমাণবিক শক্তিকে দ্রুত আধুনিকীকরণের জন্য একটি ‘উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই পরিকল্পনা এমন এক পরিবর্তন আনবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এবং এটি দেশের পারমাণবিক সক্ষমতার জন্য একটি যুগান্তকারী মাইলফলক।
মূলত দক্ষিণ কোরিয়া এবং সেখানে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষাকবচ হিসেবে এই পারমাণবিক অস্ত্রাগার গড়ে তুলছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের কোনো চাপ বা আহ্বানকে পাত্তা না দিয়ে পিয়ংইয়ং জোর দিয়ে জানিয়েছে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং তাদের এই পথ ‘অপরিবর্তনযোগ্য’।
কুশল/সাএ