পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির দুর্গম অঞ্চলে একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর পানির অভাবে তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। তবে দুইজন যাত্রী প্রায় ৫০ কিলোমিটার হেঁটে পানির উৎসে পৌঁছে পরে কর্তৃপক্ষকে খবর দিতে সক্ষম হন।
বৃহস্পতিবার (৫ জুন) নাইজারের আগাদেজ গভর্নরেট এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতরা মুসলিম ধর্মীয় উৎসব উপলক্ষে মালি থেকে ফিরছিলেন। যাত্রাপথে তাদের বহনকারী ট্রাকটি সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত এলাকায় বিকল হয়ে যায়। দীর্ঘ সময় আটকে থাকার কারণে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে যায়।
আগাদেজ গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়, নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আসামাকা শহরের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে দুর্গম মরুভূমি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, চালক, তার সহকারীরা এবং যাত্রীরা ট্রাকটি মেরামতের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ফলে পানির অভাব, তীব্র গরম এবং আশপাশে কোনো সরবরাহ কেন্দ্র না থাকায় তারা চরম বিপদের মধ্যে পড়ে যান। একপর্যায়ে ৪৯ জন তৃষ্ণায় মারা যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে গণকবরে দাফন করা হয়েছে।
এদিকে দুইজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তারা প্রায় ৫০ কিলোমিটার মরুভূমি পায়ে হেঁটে একটি পানির উৎসে পৌঁছান এবং পরে আসামাকা শহরে গিয়ে প্রশাসনকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপগামী অভিবাসীদের অন্যতম ট্রানজিট রুট হিসেবে পরিচিত। প্রতি বছর চরম তাপদাহ, পানির সংকট এবং খাদ্যের অভাবে বহু অভিবাসীর মৃত্যু ঘটে।
সূত্র: France 24.