কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে দুটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ ব্যবসায়ীর স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন ) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী বাজারের মাংস ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী মোজাম্মেল, সাইফুর, আসাদ ও মঞ্জু জানান, আমরা বাজারে গরু জবাই করার প্রস্তুতি নেওয়ার সময় সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আমরা দ্রুত সেখানে যাই। কয়েকটি দোকান থেকে কিন্তু মালামাল বের করি।
কিন্তু মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপ এতো বেশি ছিলো যে কেউ আর কাছে ভীড়তে পারে নাই। পরে লোকজন নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীরা জানান, স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ও চেয়ারম্যান মার্কেটে আগুন লেগে দেড় ঘন্টার মধ্যে মাকের্টের ৮৫ টি কাপড়ের দোকান, জাকের পার্টির উপজেলা কার্যালয়, ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান ও পাঁচটি ভ্রাম্যমান নার্সারী( গাছের) পুরে ভস্মিভুত হয়ে যায়। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি সাধিত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী টুটুল, আবুল বাশার আলিম হোসেন, মিলন ও সাইফুর জানান , খবর পেয়ে দোকানে এসে দেখি আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসার আয়ের টাকায় পুরো পরিবার চলতো। আগুনে সব হারিয়ে আমরা এখন নিঃস্ব।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে পৌছাই। প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
ক্ষুদ্র কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ি তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেলো। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবী জানান। উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানিয়েছেন, দুটি মার্কেটের ১০৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কুশল/সাএ