ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন শুরু করেছে। অনলাইনভিত্তিক এ সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এ বিক্ষোভকে ঘিরে শনিবার (৬ জুন) দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আন্দোলনকারীরা রাজধানীর যন্তর-মন্তরে সমবেত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে বলেন, “যন্তর-মন্তরে সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। ভালোবাসা ও শান্তির বার্তা নিয়েই আমাদের এই আন্দোলন পরিচালিত হবে।”
এর আগে সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে তিনি জানান, বিভিন্ন পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন।
এদিকে শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়য়াংচুকও ঘোষণা দিয়েছেন, ৫ জুনের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তিনিও এ আন্দোলনে যোগ দেবেন।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরের ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত অভিজিৎ দীপকের বাসভবনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।
জোন-১-এর উপ-পুলিশ কমিশনার পঙ্কজ অতুলকর বলেন, দীপকে ভারতে আসার পর তার বাড়ির সামনে যাতে অপ্রয়োজনীয় ভিড় না হয়, সে কারণেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘প্রয়োজনে পরিস্থিতি পর্যালোচনা করে আরও জনবল মোতায়েন করা হবে।’
অতুলকর আরও জানান, বর্তমানে দীপকের বাবা-মা ওয়ালুজ এলাকার ওই বাড়িতে অবস্থান করছেন না। তবে তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি।
এই বিক্ষোভকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচির ওপর জোর দিচ্ছেন বলেও জানিয়েছে দ্য হিন্দু।
কুশল/সাএ