ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে দেখা যাবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তা দূর হয়েছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ফিফার কাছ থেকে কিনছে টি স্পোর্টস, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দর্শকদের উদ্বেগ কেটে গেছে।
শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোনেও সরাসরি বিশ্বকাপ উপভোগ করার সুযোগ থাকবে। টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচগুলো সম্প্রচার করা হবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে বিশ্বকাপের সব উত্তেজনা উপভোগ করতে পারবেন দর্শকরা।
বিশ্বকাপের ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ।
৩৯ দিনের এই আসরে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং দুটি কানাডায়। আগামী ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ।