রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালীগঞ্জে তরুণী ছিনতাইয়ের ঘটনায়: চালকসহ গ্রেফতার ২

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে সিএনজি চালক ও তার সহযোগীদের হাতে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসরাত আহমেদ শোভা (২৭) নামের এক তরুণী। তবে ঘটনার পর ৯৯৯-এ কলের প্রেক্ষিতে পুলিশি তৎপরতায় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও আইফোনসহ মূল হোতা সিএনজি চালক ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদী জেলার পলাশ থানার আলীরটেক এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে সিএনজি চালক আরমান মিয়া (২৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সায়েল (২৮)।

পুলিশ ও প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ৯টার দিকে নরসিংদী সদর থানার বাসিন্দা ইসরাত আহমেদ শোভা পরদিন সকালে টঙ্গীতে একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি নরসিংদীর পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি রিজার্ভ করেন। পথে বালীগাঁও পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে চালক সিএনজিটি থামায় এবং এক ছিনতাইকারী শোভার পাশে বসে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। ছিনতাইকারীরা তার গলা থেকে ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ৩ আনা ওজনের দুই জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের আংটি এবং তার ব্যবহৃত একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্স (iPhone 16 Pro max) ছিনিয়ে নেয়। পরে তাকে কালীগঞ্জ বাইপাস মোড়ে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার হওয়ার পর শোভা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরবর্তীতে শোভার দেওয়া বর্ণনামতে পুলিশ পাঁচদোনা স্ট্যান্ডে অভিযান চালিয়ে চালক আরমান মিয়াকে শনাক্ত করে।

কালীগঞ্জ থানা পুলিশ ও পলাশ থানা পুলিশের একটি যৌথ দল ৬ জুন সকালে নরসিংদীর পলাশ এলাকায় অভিযান চালিয়ে চালক আরমান মিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুণ্ঠিত স্বর্ণের আংটি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করে। পরে তার সহযোগী মো. সায়েলের বাড়ি থেকে শোভার ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটিও (গাজীপুর-থ-১২-০৮১১) জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯২/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৭, তারিখ ০৬ জুন, ২০২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রিয়াদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য ছিনতাইকারী শায়ান ওরফে চয়নকে (২৯) গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের এই তাৎক্ষণিক ও সফল অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।