কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোস্তাক মিয়া (৩৪) নামে এক ক্যাসিনো সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোস্তাক ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিককালে উপজেলার প্রত্যন্ত গ্রামে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন ক্যাসিনো বা জুয়া। অনলাইন জুয়ার করাল গ্রাসে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। উপজেলার কয়েকজন মাফিয়া জুয়াড়ির প্রলোভনে পড়ে সর্বস্ব হারাচ্ছেন তরুণ ও যুবকরা। এমন অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। দীর্ঘদিন তদন্ত শেষে রবিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি তথ্যপ্রযুক্তিতে দক্ষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে ক্যাসিনো সম্রাট মোস্তাক মিয়াকে তার নিজ বিকাশ এজেন্ট দোকান থেকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, ক্যাসিনো সম্রাট মোস্তাক বিকাশ ও নগদের দোকানের আড়ালে মূলত ১০/১১টি অনলাইন জুয়া ওয়েবসাইট পরিচালনা করে আসছিল। এ সকল জুয়া ওয়েবসাইটের রেজিস্ট্রেশনকৃত সদস্যরা তার নিকট হতে টাকা আদান-প্রদান করতো।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মোস্তাক বিকাশ ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার অন্তত ১১টি সাইট চালাতো। দীর্ঘদিন নজরদারি শেষে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ