ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ জুন) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে,গত ৭ জুন দুপুরে ধামসোনা ইউনিয়নের ভাদাইল তালতলা এলাকায় অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (২৯) ও মো. আজাহার ইসলাম ওরফে ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন রাতে দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল উদ্দিন (৪০), মো. রতন (৪১) ও মো. শহিদুল ইসলাম (২৫) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিশেষ অস্ত্র, দুটি বড় ছুরি, একটি শাবল, চারটি লাঠি ও একটি লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ইয়ারপুর ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. লুৎফর রহমান (১৯) নামে এক ব্যক্তিকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে আউকপাড়া ছোটবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দীন (৩২)-এর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন (৩১)-কে ৩১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এদিকে ৮ জুন ভোরে নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের সামনে অভিযান চালিয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরি চক্রের তিন সদস্য মো. আব্দুর রাজ্জাক (৪৭), মো. আতিকুর রহমান (৪১) ও মো. আরিফ (২৭)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পেনাল কোডের ৩২৮/৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, একই দিনে আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “আশুলিয়া থানা এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”
কুশল/সাএ