ইসরায়েলি হামলার জবাবে ‘অপারেশন নাসর’ নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
সোমবার (৮ জুন) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন নাসর’-এর আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির প্রধান স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে নিহতদের স্মরণে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এ অভিযান শুরু করা হয়।
তাদের দাবি, ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে তাদের অ্যারোস্পেস ফোর্স নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।
বিবৃতিতে কুরআনের একটি আয়াতকে উদ্ধৃত করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, আর যারা আক্রান্ত হয়েছে তাদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অধিকার রয়েছে। কারণ তারে উপর অন্যায় করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে আইআরজিসির সকল যোদ্ধা ও অভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: মেহের নিউজ।
কুশল/সাএ