ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। হামলায় স্থাপনাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ফার্স জানায়, বান্দার-ই মাহশাহর শহরে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানির ওপর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অঞ্চলটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের বিমান বাহিনী ওই শিল্প কমপ্লেক্সের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করেছে।
হামলার পর পরিস্থিতি বিবেচনায় পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন সংশ্লিষ্ট কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, গত এপ্রিলে শিরাজ ও সাউথ পার্সসহ বিভিন্ন অঞ্চলের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন।
কুশল/সাএ