সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জোড়া সুখবর দিলেন শাকিব খান

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ভক্তদের জন্য দুটি নতুন সুখবর দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’। পাশাপাশি নির্মাতা হিমেল আশরাফের সঙ্গে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ‘রকস্টার’-এর একটি বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান শাকিব খান।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘সোলজার’ সিনেমার বিষয়ে তিনি বলেন, সান মোশন পিকচারস প্রযোজিত এ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন করা হবে এবং চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

শাকিব বলেন, “ছবির কাজ এখন শেষ ধাপে। খুব শিগগিরই ক্যামেরা ক্লোজ করা হবে। দর্শক এ বছরই একটি ভিন্নধর্মী গল্পের সিনেমা দেখতে পাবেন।”

তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো নির্মাতা হিমেল আশরাফের সঙ্গে তার নতুন সিনেমা। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর সাফল্যের পর এটি হবে এই জুটির তৃতীয় চলচ্চিত্র। নতুন প্রকল্পটি যৌথভাবে প্রযোজনা করবে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সম্প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক হিমেল আশরাফের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “শুরু হোক আবার”, যা নতুন সিনেমার ইঙ্গিত হিসেবে দেখা হয়।

নতুন ছবির বিষয়ে হিমেল আশরাফ জানান, বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং গল্প চূড়ান্ত করা হয়েছে। এটি একটি রোমান্টিক ও পারিবারিক গল্পনির্ভর সিনেমা হবে, যেখানে ভালোবাসার এক সুন্দর গল্প তুলে ধরা হবে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

আলাপচারিতায় নিজের দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ার নিয়েও কথা বলেন শাকিব খান। স্মৃতিচারণ করে তিনি জানান, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ার সময় মাত্র তিন মাসের জন্য চলচ্চিত্রে কাজ করার উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু কাজের প্রতি ভালোবাসা তাকে এই অঙ্গনের সঙ্গেই বেঁধে রেখেছে।

তিনি বলেন, “কখন যে ২৭ বছর পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। এই যাত্রা সত্যিই অনেক সুন্দর ছিল।”

চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সংকট প্রসঙ্গে শাকিব খান বলেন, দেশের বিভিন্ন সময়ে নানা চ্যালেঞ্জ ও সংকটের প্রভাব সিনেমা শিল্পেও পড়ে। তবে সবাই সম্মিলিতভাবে কাজ করে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।