সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারিত সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে পরিদর্শন দল শেরপুর সদরের বিভিন্ন এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রস্তাবিত ছয়টি স্থান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, বিএমডিসি মনোনীত প্রতিনিধি অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য মোট ছয়টি স্থান বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নৌহাটার খোয়ারপাড়, শেরপুরের ঢাকলহাটি, নৌহাটার অর্কিড এলাকা, শেরীব্রিজ-লছমনপুর পূর্বপাশ, শেরীব্রিজ-লছমনপুর পশ্চিমপাশ এবং মোবারকপুরের ইছলিবিল এলাকা।

প্রকল্পের তথ্য অনুযায়ী, নৌহাটা খোয়ারপাড় এলাকার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২১৩ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা। নৌহাটার অর্কিড এলাকার সম্ভাব্য মূল্যও একই। ঢাকলহাটি এলাকার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। শেরীব্রিজ-লছমনপুর পূর্বপাশ এলাকার সম্ভাব্য মূল্য ৮০ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার টাকা এবং পশ্চিমপাশ এলাকার সম্ভাব্য মূল্য ৪৮ কোটি ৯০ লাখ টাকা। মোবারকপুরের ইছলিবিল এলাকার সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকা।

এর আগে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান দেখতে শেরীব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পর্যবেক্ষণে শেরীব্রিজ থেকে কুসুমহাটি পর্যন্ত নদীতীরবর্তী এলাকায় পর্যাপ্ত জমি, উন্নত সড়ক যোগাযোগ, আন্তঃজেলা বাস টার্মিনালের নিকটবর্তী অবস্থান, ভবিষ্যৎ রেল যোগাযোগের সম্ভাবনা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।

দীর্ঘদিন ধরে শেরপুরে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টদের মতে, মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।

পরিদর্শন শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কমিটি তাদেরদ মতামত ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।