শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক দুটি বিষয় এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পড়ানো হবে।
সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে কোনো একটি বিষয়ের সঙ্গে ‘বড় অধ্যায়’ সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে সংশোধন ও পরিমার্জন করে ২০২৭ সালে বাস্তবায়ন করা হবে। আর শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যার পূর্ণাঙ্গ রূপ ২০২৮ সালে দেখা যাবে।
“কারিকুলাম খুব সুন্দর হচ্ছে। যেটা নিয়ে সবাই বড় পরিবর্তনের আশা করছেন, সেটির কাজ আমরা শুরু করেছি,” বলেন শিক্ষামন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্তির কথা জানিয়েছিলেন।
কুশল/সাএ