যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে। ফেডারেল আদালতের নির্দেশের পর শনিবার ভবনের সম্মুখভাগ থেকে ট্রাম্পের নাম অপসারণের কাজ সম্পন্ন করা হয়।
কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা এক আইনি নথিতে জানিয়েছেন, ভবন ও এর প্রাঙ্গণে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে গত ২৯ মে মার্কিন জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার রায়ে বলেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ রাখা আইনসম্মত হয়নি। তিনি উল্লেখ করেন, কোনো ফেডারেল প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। আদালত প্রশাসনকে ১৪ দিনের মধ্যে ভবন ও সংশ্লিষ্ট সব উপকরণ থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ দেয়।
শুক্রবার কেন্দ্রটির পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশ স্থগিতের আবেদন করলেও তা নাকচ করে দেন বিচারক। পরে নাম অপসারণে আরও ১২ ঘণ্টা সময় চাওয়া হলেও সেটিও প্রত্যাখ্যান করা হয়।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। পরে তার সমর্থকদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ গত ডিসেম্বর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর ভবনের সম্মুখভাগে বড় অক্ষরে ট্রাম্পের নাম যুক্ত করা হয়।
নাম পরিবর্তনের এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকজন শিল্পী তাদের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেন। আদালতের রায়ের পর চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রটির ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়।
এদিকে বিচারক কুপার কেনেডি সেন্টারকে দুই বছরের জন্য সংস্কারের উদ্দেশ্যে বন্ধ করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার ওপরও সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন।
আদালতের এ সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রে সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে।