বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী এলাকায় মহাসড়কে এই ঘটনা ঘটে।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে থানা পুলিশের দাবি, এমন কোনো মিছিলের তথ্য তাদের জানা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষে এই মিছিলের আয়োজন করা হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এই ঝটিকা মিছিলে অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলকারীরা “এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার”, “শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে” ইত্যাদি স্লোগান দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা যোগে একদল যুবক হঠাৎ ইটালী বাজার এলাকায় এসে জড়ো হয়। গাড়ি থেকে নেমেই তারা ব্যানার-ফেস্টুন উঁচিয়ে মহাসড়কে ঝটিকা মিছিল শুরু করে। কিছু দূর মিছিল করার পর তড়িঘড়ি করে পুনরায় অটোরিকশায় উঠে শেরপুর শহরের দিকে কেটে পড়ে।
পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মহাসড়কে কোনো সংগঠনের বিক্ষোভ মিছিলের তথ্য আমাদের কাছে নেই।
তবে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চলছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে ও অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
রোহান/সা.এ.