সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপের চার দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি—ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও চুক্তি কার্যকর হওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অগ্রগতির ভিত্তিতে তারা নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত। একই সঙ্গে তারা ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে—এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, তার দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও সমঝোতা অর্জিত হয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, সমঝোতায় সব পক্ষের মধ্যে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত থেকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ থাকবে। পাশাপাশি, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানান, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় আরও বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা হবে, যেখানে নিষেধাজ্ঞা শিথিল এবং পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণের বিষয়গুলো থাকবে।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি আগেই জানিয়ে রেখেছিল, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় তারা সরাসরি অংশ নেবে না।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তার ভাষায়, “বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করো—তেল প্রবাহিত হতে দাও।”

এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ কমে যায় এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ৬ শতাংশের বেশি হ্রাস পায়। পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।