কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-২ এর শিক্ষার্থীদের জন্য কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি)-এর ফার্ম ম্যাকানিক্স ল্যাবে এক বিশেষ ব্যবহারিক প্রশিক্ষণ ও ল্যাব পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) শিক্ষার্থীদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করতে এবং মাঠপর্যায়ে এগুলোর ব্যবহারিক কার্যকারিতা শেখাতে এই উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী এই পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আধুনিক ও সনাতন কৃষি যন্ত্রপাতির পরিচিতি, কার্যপদ্ধতি এবং কার্যক্ষমতা মূল্যায়নের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে শিক্ষা লাভ করেন। ল্যাবে প্রদর্শিত ও অনুশীলিত যন্ত্রপাতির মধ্যে উল্লেখযোগ্য ছিল- পাওয়ার টিলার, ট্রাক্টর, রিপার, হারভেস্টার, থ্রেসার, স্প্রেয়ার এবং রাইস ট্রান্সপ্লান্টারসহ আরও বেশ কিছু আধুনিক কৃষি সরঞ্জাম।
ল্যাব পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঠপর্যায়ে নিয়ে সরাসরি ‘রাইস ট্রান্সপ্লান্টার’ (ধান রোপণ যন্ত্র) চালনা ও এর পরিচালন পদ্ধতি বিস্তারিতভাবে শেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এই ধরনের বাস্তবমুখী অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) অধ্যক্ষ জনাব মোঃ মিজানুল হক বলেন:
“ভবিষ্যতের কৃষিবিদদের দক্ষ করে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিকল্প নেই। আমাদের ল্যাবের আধুনিক সুযোগ-সুবিধা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লেগেছে দেখে আমরা আনন্দিত।”
শিক্ষার্থীদের এই বিশেষ ব্যবহারিক ক্লাস ও ল্যাব পরিদর্শন কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান ও কারিগরি সহযোগিতা প্রদান করেন টিএসসি-এর ফার্ম মেশিনারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী মোঃ ফকরুল ইসলাম।
অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাস্তবমুখী এই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।