বলিউড ও টালিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার প্রীতম সম্প্রতি একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সামাজিক মাধ্যমে তার সেই বার্তার পর ভক্ত ও বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা—তিনি কি তবে সংগীতজগৎ থেকে বিরতি নিতে যাচ্ছেন, নাকি এটি কেবল জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন করেন প্রীতম। ১৪ জুন দিনভর তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন। তবে দিনের শেষে তার দেওয়া একটি পোস্টই মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলোকে এতদিন অপেক্ষায় রেখেছি, সেগুলোই এবার করব।’
এই মন্তব্য প্রকাশের পর অনেকেই ধারণা করেন, তিনি হয়তো সংগীত বা বাণিজ্যিক কাজ থেকে কিছুটা দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়।
পরে পোস্টের আরেক অংশে প্রীতম আরও লেখেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা ও অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় ধন্যবাদ।’
তবে এই বক্তব্যেও তিনি সরাসরি সংগীতজগত ছাড়ার কোনো ঘোষণা দেননি। বরং ‘নতুন সফর’ এবং ‘জীবনকে নতুনভাবে বাঁচা’র মতো শব্দবন্ধই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যম জুড়ে ভক্তদের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, তার সুর, গান এবং বিশেষ করে অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ তারা মিস করবেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি অবসরের ঘোষণা নয়, বরং সাময়িক বিরতি বা ব্যক্তিগত জীবনে নতুন কিছু শুরু করার ইঙ্গিত হতে পারে।
এ বিষয়ে এখন পর্যন্ত প্রীতমের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে তিনি সত্যিই সংগীতজগৎ ছাড়ছেন, নাকি এটি কেবল নতুন এক অধ্যায়ের শুরু—তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এর আগেও চলতি বছরের শুরুতে গায়ক অরিজিৎ সিংয়ের অবসর নিয়ে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল বিনোদন জগতে। এবার সেই ধরনের রহস্যময় বার্তায় আবারও আলোচনায় এলেন প্রীতম।
সব মিলিয়ে, তার এই পোস্ট আপাতত ভক্তদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে। পরবর্তী কোনো স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এ নিয়ে জল্পনা চলতেই থাকবে।
কুশল/সাএ