“দক্ষ যুব গড়বে দেশ, বদলে দেবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত ২৬ দিনব্যাপী ৪০ জন তরুণ-তরুণীর ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা পরিষদের উদ্যোগে এই ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, দক্ষতার কোনো বিকল্প নেই। তাই দক্ষ যুব সমাজই পারে বাংলাদেশকে বদলে দিতে। তারেক জিয়ার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার যুবদের দক্ষতা উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। পরে ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ তরুণ-তরুণীর মাঝে সনদ বিতরণ করা হয়।
কুশল/সাএ